দুই শিক্ষককে বরখাস্তের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম এবং এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে আদেশ দেন।
তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ-সংক্রান্ত কোনো চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আদালত সূত্রে জানা গেছে, সিলেটের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
খাজাঞ্চিবাড়ি স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে গত ৯ সেপ্টেম্বর সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর আদালতে স্বত্ব মোকদ্দমা দাখিল করেন আবেদা হক। তারই পরিপ্রেক্ষিতে আদালত ডিসি ও এডিসিকে শোকজ করেন।
দেশের তথ্য ডেস্ক 



















