ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর ভিজ্যুয়ালে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রধানমন্ত্রীর ভারতীয় বিমানবাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেয়।
ফেরার পথে মোদিকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়।
মোদি ভোরে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। বৈঠকের শুরুতে মোদিকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি।
দেশের তথ্য ডেস্ক 



















