ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়ে দিয়েছেন কলম্বাস ক্রুর বিপক্ষে পরের ম্যাচেও নামবেন মেসি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দলে রোটেশনের সম্ভাবনাও রয়েছে, কারণ তার দল টানা দুই মাস ধরে ব্যস্ত সময় পার করেছে।
শুক্রবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সেরা দলটি নিয়ে মাঠে নামা। এরপর দেখা যাবে কিছু পজিশনে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায় কি না। আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ম্যাচটি খেলতে হবে। আমাদের এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমরা খেলোয়াড়দের ওপর চাপ সামান্য হলেও কমিয়ে আনার চেষ্টা করছি, কারণ শেষ দুই মাস খুবই চাপের ছিল।’
এমএলএসের পূর্ব কনফারেন্সে ইন্টার মায়ামি এখন চতুর্থ স্থানে, ঠিক তাদের ওপরে শীর্ষে আছে কলম্বাস ক্রু। দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন। পাশাপাশি, এই দুটি দলই পুরো এমএলএসে এখনও অপরাজিত, যা শনিবারের ম্যাচকে করে তুলেছে বিশেষ উত্তেজনাকর।
অন্যদিকে, ক্লাব বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা করছেন মাসচেরানো। তিনি জানিয়েছেন, জুনের আসরকে সামনে রেখে দল শক্তিশালী করতে সম্ভাব্য সুযোগগুলোর প্রতি তার নজর রয়েছে।
‘আমি সবসময় নতুন খেলোয়াড়ের ব্যাপারে উন্মুক্ত। ট্রান্সফার উইন্ডো বন্ধ না হওয়া পর্যন্ত সবসময় কিছু হতে পারে,’ বলেন মাশ্চেরানো।
সবমিলিয়ে, কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ শুধু পয়েন্টের লড়াই নয়, বরং মেসির ম্যাচ, রোটেশনের কৌশল, এবং বিশ্বকাপ প্রস্তুতির পথচলার আরেক ধাপ হয়ে উঠতে যাচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 



















