খুলনা রেলওয়ে জেলা পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাসের বিপি নম্বর ৯৯১৮২১৪৯২৯। তার স্ত্রী পূজা বিশ্বাসও একজন পুলিশ সদস্য, তিনি বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাস ভোরবেলা অস্ত্রাগারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ডিউটিরত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসআরপি) এবং সোনাডাঙ্গা থানা পুলিশসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
রেলওয়ে পুলিশ জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দেশের তথ্য ডেস্ক 



















