খুলনার দিঘলিয়ার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খাঁ (৪২) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাকা মাসুদ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাকা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি দিঘলিয়া উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম মুরাদ খাঁর সঙ্গে স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান সাজ্জাদ ও তার সহযোগীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এই ঘটনার জেরে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে মুরাদ খাঁ সেনহাটি পথের বাজার এলাকায় জুতা কিনতে গেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
বাকা মাসুদসহ এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মুরাদ খাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৬ এর সদর কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে মাগুরার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বাকা মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















