খুলনা মহানগরীর সদর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা দস্যুতা মামলার অন্যতম পলাতক আসামি শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাওন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার আজগর আলীর ছেলে। তিনি সদর থানায় দায়ের করা ওই দস্যুতা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ভিকটিম আকাশ শেখ (২৩) খুলনা সদর থানাধীন নিরালা সেবা ক্লিনিকের পাশে মোবাইলে কথা বলছিলেন। এ সময় শাওনসহ একদল ছিনতাইকারী ইজিবাইকযোগে এসে চাপাতি ও রামদা দিয়ে আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি সুজুকি জিক্সার (Suzuki Gixxer) মোটরসাইকেল, একটি ইনফিনিক্স (Infinix) স্মার্টফোন এবং নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আকাশের মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯টার দিকে হরিণটানা জিরো পয়েন্ট সংলগ্ন ‘জননী ভাতের হোটেল’-এর সামনে অভিযান চালায়। অভিযানে দস্যুতা মামলার পলাতক আসামি শাওনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















