খুলনা মহানগরীর ব্যস্ততম মোড় পিটিআই মোড়। বর্তমানে ড্রেন উন্নয়ন কাজের কারণে রাস্তার একটি বড় অংশজুড়ে খোঁড়াখুঁড়ি চলায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তবে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতা নিরসনে পিটিআই মোড় এলাকায় ড্রেন বড় করার কাজ চলছে।

প্রধান সড়কের অর্ধেকটা জুড়ে কাজ চলমান থাকায় যানবাহন চলাচলের জন্য খুব সামান্য জায়গা বাকি আছে। ফলে রূপসা ও সাতরাস্তা থেকে আসা গাড়িগুলো এই মোড়ে এসে দীর্ঘ জটে আটকে পড়ে। অফিস ও কোচিং ছুটির সময়ে এই ভোগান্তি ভয়াবহ রূপ নেয়।
রাস্তা সরু হয়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই কঠিন পরিস্থিতিতেও পিছু হটেননি ট্রাফিক পুলিশের সদস্যরা। তীব্র রোদ আর ধুলোর মধ্যে দাঁড়িয়ে তারা একদিকের গাড়ি থামিয়ে অন্যদিকের জট ছাড়ানোর চেষ্টা করছেন। সারাক্ষণ বাঁশি আর হাতের ইশারায় যানবাহন সচল রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। পুলিশের এই সক্রিয় ভূমিকার কারণেই ধীরগতিতে হলেও গাড়িগুলো সামনের দিকে এগোতে পারছে।
উন্নয়ন কাজ জরুরি হলেও বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় চালকরা বিপাকে পড়েছেন। তবে ট্রাফিক পুলিশের তৎপরতা না থাকলে এই এলাকা পুরোপুরি অচল হয়ে যেত বলে মনে করেন স্থানীয়রা। রাস্তা ছোট হয়ে যাওয়ায় চাপ সামলানো কঠিন হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। তবুও তারা সাধারণ মানুষের স্বস্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।
স্থানীয়দের দাবি, জনস্বার্থের কথা বিবেচনা করে ড্রেন সংস্কারের কাজ দ্রুত শেষ করা হোক, যাতে পিটিআই মোড়ের চিরচেনা রূপ আবার ফিরে আসে।
দেশের তথ্য ডেস্ক 



















