ফয়জুল হক বাবু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার।
জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষ সজ্জিত করা হয়েছে এবং কেন্দ্রের চারশ’ গজের মধ্যে নির্ধারিত চৌহদ্দি নির্মাণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ৬০৯টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিমসহ যৌথ বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
আগামীকাল ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সামগ্রী নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছানো ও সংরক্ষণের ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমরা বিশ্বাস করি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ইনশাল্লাহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের তথ্য ডেস্ক 



















