ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার ডুমুরিয়া থানার সামনে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১,১,২৬) রাত আনুমানিক ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার মফিজ মোল্লার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে বলে আহতের পরিবার জানিয়েছে।
আহত যুবকের নাম মোঃ মানিক মোল্লা। তিনি ডুমুরিয়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি নারকেল পাড়া কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মফিজ মোল্লার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একই এলাকার চিহ্নিত একাধিক মামলার আসামি নজরুলের নেতৃত্বে লিটু, টিটু, রাসেল, লাভলু ও বাবলু এলাপাতাড়িভাবে মানিক মোল্লার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মানিকের পা-এর রগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর পরিবার আরও জানায়, হামলাকারীদের মধ্যে রাসেল আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক নামে-বেনামে মামলা ও অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়।
বর্তমানে মানিক মোল্লা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এ বিষয়ে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের তথ্য ডেস্ক 



















