ফয়জুল হক বাবু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে নীলডুমুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহরিয়ার রাজিব এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন উপলক্ষে ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম চলমান থাকবে। এ সময় সীমান্তবর্তী তিনটি উপজেলা ও প্রায় ১৬০ কিলোমিটার সীমান্ত এলাকা কঠোর নিরাপত্তার আওতায় থাকবে।
লে. কর্নেল শাহরিয়ার রাজিব আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে বিজিবি দায়িত্ব পালন করছে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি কাজ করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
তিনি বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারমূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো নাশকতা প্রতিরোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
প্রেস ব্রিফিং শেষে বিজিবি অধিনায়ক বলেন,
“দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি দায়িত্ব পালন অব্যাহত রাখবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত।”
এসময় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















