ফয়জুল হক বাবু
সংবাদ পেশায় দায়িত্ব পালনের সময় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। কর্মসূচি থেকে নকল ও ভেজাল সার ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক এম বেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতারা।
বক্তারা জানান, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল ও নকল সারের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী তার স্ত্রী ও দুই ছেলের নামে বিএডিসি ও বিসিআইসির একাধিক লাইসেন্স ব্যবহার করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছেন। এসব লাইসেন্সের আড়ালে অন্তত ২৬টির বেশি অবৈধ সার গুদাম পরিচালনা করা হচ্ছে।
এই অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক আকরামুল ইসলামের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে আরও বলা হয়, জেলায় কৃষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এসব অনিয়মের পেছনে কৃষি বিভাগের একটি অংশের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। অথচ গত ১৫ জানুয়ারি হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাংবাদিক নেতারা স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত ইউপি সদস্য মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘেরাওসহ কঠোর কর্মসূচির কথাও জানান তারা।
দেশের তথ্য ডেস্ক 



















