চিতলমারী প্রতিনিধি
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব বোনাসসহ তিন দফা দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চিতলমারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । মানববন্ধন শেষে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে একটি রেলী চিতলমারী সদর বাজার প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজী, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন রায়, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেরে বাংলা ডিগ্রি কলেজের জিবি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়েতে ইসলামী আমীর গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, বাংলাদেশ ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপুল কাজীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব বোনাসের প্রজ্ঞাপন জারি করতে হবে। একইসাথে বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানান।
দেশের তথ্য ডেস্ক 



















