অরবিন্দ কুমার মণ্ডল
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ভোমরখালী বন টহল ফাঁড়ীর আওতাধীন এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ৮ শ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১ টি ডাবল ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ । এ সময় অন্যান্য ৫০ কেজি মাছ সহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
২৩ জুলাই বুধবার রাত ১০ টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠুর নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ চিংড়ি সহ ট্রলারটি জব্দ করা হয়। অভিযানকালে ভোমরখালী বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হাকিম সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অসাধু জেলেরা গহিন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা বলছেন, প্রজনন মৌসুমে বনে প্রবেশে নিষেধাজ্ঞা, মাছ ধরাএবং পাস পারমিট বন্দ রাখা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে। এই সময়ে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বনবিভাগের সহযোগীতা ছাড়া এগুলো করা আদৌ সম্ভব হয়না। তাছাড়া
বনবিভাগ গহীন জঙ্গলে যখনই অভিযান পরিচালনা করেন এবং কোন কিছু জব্দ করেন তখনই অপরাধীরা পালিয়ে যায়। এর কারণ হলো বনকর্মী এবং অপরাধী সকলেই ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।
এবিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 















